রাশিয়ার রাজধানী মস্কোসহ কয়েকটি শহরে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে মস্কো অঞ্চলে মারা গেছে ৩ জন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সাড়ে পাঁচশোর বেশি ড্রোন ভূপাতিত করেছে তারা।
ইউক্রেনের হামলার লক্ষ্য ছিল মস্কোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। এক বছরের মধ্যে মস্কোর ওপর এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা বলে দাবি করা হচ্ছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, এসব হামলায় খিমকি ও মিতিশচি এলাকায় বেশ কয়েকটি ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হামলায় এক ভারতীয় কর্মী নিহত ও আরও ৩ জন আহত হয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-র দাবি, তারা মস্কোর একটি তেল শোধনাগার ও ২টি তেল স্টেশনে হামলা চালিয়েছে। রুশ হামলায় ইউক্রেনে ২৪ জন নিহত হওয়ার পর পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয় বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।