টেলিগ্রাম প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনল রাশিয়া

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দু রভের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে রাশিয়া। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে ‘নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি ও সমন্বয়’ করতে টেলিগ্রাম ব্যবহার করা হয়েছে।

সংস্থাটির দাবি, ইউক্রেনের ব্যবহৃত বিভিন্ন চ্যানেল, চ্যাট ও বট মুছে ফেলতে ব্যর্থ হয়েছে টেলিগ্রাম। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলো সদস্য সংগ্রহের কাজে টেলিগ্রাম ব্যবহার করছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

পাভেল দু রভ। ফাইল ছবিরাশিয়ায় জন্ম নেওয়া ৪১ বছর বয়সী ধনকুবের পাভেল দু রভ বর্তমানে রাশিয়ার বাইরে বসবাস করছেন। তিনি ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতেরও (ইউএই) নাগরিক।

সারা বিশ্বে প্রায় ৯৫ কোটি মানুষ টেলিগ্রাম ব্যবহার করেন। তবে কনটেন্ট মডারেশনে ঢিলেঢালা নীতির কারণে অ্যাপটি নিয়ে আগেও সমালোচনা হয়েছে। অবশ্য এসব অভিযোগ সবসময়ই অস্বীকার করেছে টেলিগ্রাম কর্তৃপক্ষ। এর আগে ২০২৪ সালে ফ্রান্সে গ্রেপ্তার হয়েছিলেন দু রভ। সেখানেও তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।