মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বিমানবাহিনীর একটি পরিবহন বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার। তবে ক্রেমলিন জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় নিবন্ধিত উড়োজাহাজটি ছিল একটি বোয়িং গ্লোবমাস্টার। গ্রিনিচ মান সময় সকাল ৭টার দিকে লাটভিয়ার রিগা থেকে উড্ডয়ন করে বিমানটি মস্কোয় পৌঁছায়।
ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের জানান, চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক করার পরিকল্পনা নেই।
ফ্লাইটরাডারের তথ্য বলছে, ওয়াশিংটন ডিসির কাছে ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে গত ২৩ আগস্ট রিগায় পৌঁছায় উড়োজাহাজটি। তার আগে, এটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ কর্মকর্তারা মূলত এই ঘাঁটিটিই ব্যবহার করেন।
গত জানুয়ারিতে সর্বশেষ ইউরোপ থেকে রাশিয়ায় সরাসরি কোনো মার্কিন উড়োজাহাজ বিমান অবতরণ করেছিল। ওই সময় ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিভেন উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো যান।
সি-১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজটি মূলত সেনা সদস্য ও ভারী সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করা হয়। তাই হঠাৎ করে মস্কোয় এর উপস্থিতি নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
যুক্তরাজ্যের দ্য আই পেপারের তথ্য অনুযায়ী, এটি কোনো সম্ভাব্য কূটনৈতিক সফর বা বন্দিবিনিময়ের অংশ হতে পারে। এর আগে ২০২৬ সালের আগস্টের শুরুতে সাবেক মার্কিন মেরিন রবার্ট গিলম্যানের মুক্তি এবং বছরের শুরুর দিকে অন্যান্য বন্দিবিনিময়ের সূত্র ধরে এই ধারণা জোরদার হচ্ছে।
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ব্যাপকভাবে স্থবির হয়ে পড়লেও পর্দার আড়ালে কোনো গোপন কূটনৈতিক যোগাযোগ বজায় থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।