গ্রিনল্যান্ডের নিরাপত্তা চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র-ডেনমার্ক

গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে একটি চুক্তি করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কোনো অর্থ খরচ হবে না। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প আরও জানান, ওয়াশিংটনের লিখিত অনুমোদন ছাড়া কোনো মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বজায় রাখতে বা সংবেদনশীল খাতে বিনিয়োগ করতে পারবে না।

যদিও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন চুক্তির বিস্তারিত প্রকাশ করেননি। তিনি জানিয়েছেন, এই চুক্তি আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে। চুক্তিটি আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে স্বাক্ষরিত হবে। তবে তা কার্যকর করার আগে ডেনমার্কের পার্লামেন্টের অনুমোদন লাগবে। 

গ্রিনল্যান্ড সরকারের প্রধান বলেছেন, এই চুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতায় গ্রিনল্যান্ডের স্বার্থ ও অবস্থানও এতে স্বীকৃতি পেয়েছে।