ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর শুক্রবার এমন মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কাছে উত্তেজনা বাড়ানোর কোনো বাস্তবসম্মত কারণ নেই।
এ সময় ইউরোপের যেসব দেশ হামলার সতর্কতা দিয়েছে, তাদের সমালোচনা করেন তিনি।
এ ছাড়া, ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর নতুন করে শান্তি আলোচনা শুরুর বিষয়ে রাশিয়া নিজেদের অবস্থান পর্যালোচনা করছে বলেও জানান পুতিন। তিনি বলেন, সব প্রস্তাবই আলোচনার টেবিলে রয়েছে, তবে ইউক্রেন যা করেছে, তার জবাবে কী পদক্ষেপ নেওয়া উচিত, রাশিয়া তা সতর্কতার সঙ্গে বিবেচনা করবে।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘তথাকথিত যুদ্ধবিরতি এবং আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব, সব উদ্যোগই আলোচনার টেবিলে রয়েছে। এগুলোর সবই সম্ভব। তবে আলোচনা শুরু করার বিষয়সহ যাবতীয় সিদ্ধান্ত রুশ ফেডারেশনের স্বার্থের কথা বিবেচনা করেই নেওয়া হবে। অন্যদিকে ইউরোপের অনেকেই সেখানে রুশ হামলার আশঙ্কার কথা বলছেন। তবে আমি আবারও জোর দিয়ে বলতে চাই, আমরা ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছি না।’
এর আগে, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর ওপর রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করে আসছে পোল্যান্ড। এ সময় পুতিনকে জি-টোয়েন্টি সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে যুক্তরাষ্ট্র রুশ আগ্রাসনকে আরও উৎসাহিত করছে বলেও অভিযোগ পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্কের।