রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দাগেস্তানের একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অর্ধ শতাধিকেরও বেশি মানুষ। স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, গতকাল সোমবার রাতে ক্যাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত দাগেস্তানের রাজধানী মাখাচকালাতে মহাসড়কের পাশে একটি অটো মেরামতের দোকানে আগুনের সূত্রপাত হয় এবং বিস্ফোরণটি কাছাকাছি একটি পেট্রোল স্টেশনে ছড়িয়ে পড়ে।
দাগেস্তান প্রশাসনের প্রধান সের্গেই মেলিকভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন, সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, জায়গাটা যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো হয়ে গেছে।
রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেনকোর বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, এ পর্যন্ত ৬৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
দাগেস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে ১৩ জন শিশু।
গুরুতর আহতদের মস্কোতে সরিয়ে নেওয়ার জন্য একটি উড়োজাহাজ মাখাচকালায় পাঠানো হয়েছে জানিয়েছে রাশিয়ার জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়।
সংবাদ সংস্থা রিয়া নভোস্তি টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে আগুনের শিখা উঠছে। এর কিছুক্ষণ পরেই বিশাল বিস্ফোরণ ঘটে।
জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের পর প্রায় ৬০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ২৬০ জন ফায়ার সার্ভিসের কর্মী মোতায়েন করা হয়েছে।