বাংলাদেশ-পাকিস্তান সীমান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে অমিত শাহ

পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে সীমান্ত এলাকার মুখ্যমন্ত্রীদের নিয়ে বিশেষ এক বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বুধবার তিনি এই বৈঠক করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এ বৈঠকে এসব এলাকার মুখ্য সচিব ও পুলিশের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

বিবিসি বলছে, ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, সিক্কিম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। এ ছাড়া বৈঠকে যুক্ত ছিলেন কেন্দ্রশাসিত লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নররা।

বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেশী দেশ পাকিস্তানে ভারতের ধারাবাহিক বিমান হামলার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কয়েক ঘণ্টা পরে এটি অনুষ্ঠিত হলো।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর, ভেঙে গেছে মসজিদ। ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

ভারত বলছে, ৭০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তবে পাকিস্তানের ভাষ্য, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ভারতের কাশ্মীরেও ১০ জন নিহতের তথ্য পাওয়া গেছে।