দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ভারতের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি- সিজেপি। দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে তারা। নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসসহ শিক্ষা খাতের দুর্নীতির প্রতিবাদে কর্মসূচির ডাক দেওয়া হয়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিক্ষোভে নেতৃত্ব দিতে শনিবার সকালেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরেন সিজেপি প্রধান অভিজিৎ দ্বীপকে। তিনি দিল্লি পৌঁছানোর পর পুলিশ এ কর্মসূচি আয়োজনের অনুমতি দেয়।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার পুলিশ সদস্য। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেইসাথে গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, বিমানবন্দর, রেলস্টেশন এবং আন্তঃরাজ্য বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে পুলিশ। শনিবারের এই বিক্ষোভের মধ্যে দিয়ে প্রথমবারের মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সিজেপি। 

‘ককরোচ জনতা পার্টি’র উত্থান ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন থেকে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত একটি মামলার শুনানির সময় ভুয়া আইন ডিগ্রিধারী বেকার যুবকদের ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন। এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় এবং পরবর্তীতে ব্যঙ্গাত্মক এই আন্দোলনের সূচনা ঘটে।

ইন্টারনেটভিত্তিক এই প্রচারণাটি খুব দ্রুত একটি বিশাল অনলাইন কমিউনিটিতে রূপ নেয়। সিজেপির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, যার মধ্যে কেবল ইনস্টাগ্রামেই অনুসারীর সংখ্যা ২ কোটি ২২ লাখের বেশি।