ভারতের রাজনীতিতে নতুন মোড়, মোদির বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে তাঁদের পুলিশ তুলে নিয়ে যায়।

ককরোচ জনতা পার্টির (সিজিপি) সংসদ ভবন অভিমুখে পদযাত্রায় পুলিশি হামলার পরদিনই ক্ষমতাসীন বিজেপির ওপর চাপ বাড়াতে মাঠে নামে প্রধান বিরোধী দল কংগ্রেস। দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী রাজাজী মার্গ এলাকা থেকে পদযাত্রা নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন।

নজিরবিহীন এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং প্রতিবাদস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। তবে আলোচনা ব্যর্থ হয়। এর কয়েক ঘণ্টা পর পুলিশ বিক্ষোভ পণ্ড করে দেয়। এ সময় অন্তত ১০ জন পুলিশ সদস্য রাস্তায় বসে থাকা রাহুল গান্ধীকে টেনেহিঁচড়ে নিয়ে যান। এ সময় তাঁর নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল গান্ধী সারারাত প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে চেয়েছিলেন। নিজের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীকে এই বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান।

রাহুল লেখেন, ‘শিক্ষার্থীদের ওপর আক্রমণ মানে দেশের প্রতিটি পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদি ভেবেছেন জবাবদিহি ও পরিণতি ছাড়াই পার পেয়ে যাবেন। তা হতে দেওয়া হবে না। যারা শিক্ষার্থীদের জন্য বিচার চান, তাঁদের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরণায় যোগ দেওয়ার অনুরোধ করছি। ভারতের শিক্ষার্থীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।’