ভারতের পশ্চিমবঙ্গে ২৫ বছর মেয়াদে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেয়েছে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের (এইএসএল) শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান পাওয়ারপালস ট্রেডিং সলিউশনস লিমিটেড (পিটিএসএল)। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডব্লিউবিএসইডিসিএল) কাছ থেকে এ কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী, পিটিএসএল প্রাথমিকভাবে ১ হাজার ৭৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে। এ বিদ্যুৎ দিন-রাত ২৪ ঘণ্টা পাওয়া যাবে। পাশাপাশি অতিরিক্ত ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের বিকল্প রাখা হয়েছে। সেটি কার্যকর হলে মোট সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৫০০ মেগাওয়াটে।
প্রতিযোগিতামূলক দরপত্র ও ই-রিভার্স নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কার্যাদেশটি পেয়েছে পিটিএসএল। নির্ধারিত সূচি অনুযায়ী, ১ হাজার ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ২০২৮ সালের ১ জুলাই থেকে। অতিরিক্ত ৭৫০ মেগাওয়াটের বিকল্প কার্যকর হলে ওই অংশের সরবরাহ শুরু হবে ২০২৯ সালের ১ এপ্রিল থেকে।
এইএসএলের প্রধান নির্বাহী কন্দর্প প্যাটেল বলেন, ভারতের জ্বালানি খাতের রূপান্তরে ২৪ ঘণ্টার নবায়নযোগ্য বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে নবায়নযোগ্য শক্তির সুবিধার পাশাপাশি সঞ্চালন ব্যবস্থার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।
তার মতে, এ কার্যাদেশ পাওয়ার মধ্য দিয়ে বড় পরিসরে জ্বালানি সমাধান দেওয়ার সক্ষমতা ও অঙ্গীকার আরও জোরালো হয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।
এইএসএলের তথ্য অনুযায়ী, পিটিএসএল ইতিমধ্যে প্রায় ৪ দশমিক ৬ গিগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ এবং ৩ দশমিক ৫ গিগাওয়াট ঘণ্টা ব্যাটারি সংরক্ষণ সক্ষমতার ব্যবস্থা করেছে। পাশাপাশি শিল্পকারখানা, তথ্যকেন্দ্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিদ্যুৎ বিতরণ কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির পরিধি বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।
আদানি গ্রুপের অংশ এইএসএল বিদ্যুৎ সঞ্চালন, বিতরণ, স্মার্ট মিটারিং ও শীতলীকরণসহ জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ভারতের বেসরকারি খাতের বৃহত্তম বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি হিসেবে তাদের সঞ্চালন নেটওয়ার্কের দৈর্ঘ্য ৩০ হাজার ৬৮৩ সার্কিট কিলোমিটার এবং রূপান্তর সক্ষমতা ১ লাখ ৪৬ হাজার ৫৮৫ এমভিএ। মুম্বাই মহানগর ও মুন্দ্রা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১ কোটি ৩০ লাখ গ্রাহককে বিদ্যুৎ বিতরণ সেবা দেয় প্রতিষ্ঠানটি। পাশাপাশি স্মার্ট মিটারিং ব্যবসার পরিধিও বাড়াচ্ছে এইএসএল।