ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক ব্যবসায়ী প্রায় অসুস্থ হয়ে পড়তেন। এরপর চিকিৎসা করাতে গিয়ে ভয়ংকর তথ্য জানতে পারেন। দীর্ঘদিন ধরে তাঁকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হচ্ছিল। আর এ ঘটনায় জড়িত তাঁরই স্ত্রী।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানার বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছিলেন। শুধু তিনি নন, তাঁর ছেলে ও ভাতিজাও একইভাবে অসুস্থ হচ্ছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় সুশীল নিজের স্বাস্থ্য পরীক্ষা করান। পরীক্ষার প্রতিবেদনে তাঁর শরীরে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি ধরা পড়ে। এরপরই ধীরে ধীরে বিষ প্রয়োগের বিষয়টি সামনে আসে।
গত ২৪ সেপ্টেম্বর সুশীল পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি স্ত্রী
পুলিশের তথ্য অনুযায়ী, সুশীলের ৫ থেকে ৬ কোটি রুপি মূল্যের একটি ট্রাভেল এজেন্সি ব্যবসা রয়েছে। পাশাপাশি তাঁর নামে রয়েছে ২ কোটি রুপির জীবনবিমা, যার একমাত্র নমিনি স্ত্রী রেনু। এসব সম্পত্তির মালিক হওয়ার লোভেই রেনু স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের খাবারে সিসা মেশাতে শুরু করেন বলে অভিযোগ।
জিজ্ঞাসাবাদে রেনু অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি জানান, স্বামী মারা গেলে সব সম্পত্তির মালিক হবেন—এমন ধারণা থেকেই লোভের বশে খাবারে সিসা মেশানোর পরিকল্পনা করেন। তাঁর উদ্দেশ্য ছিল স্বামী, ছেলে ও ভাতিজাকে হত্যা করে সম্পত্তি একা ভোগ করা।
এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। প্রায় দুই মাস তদন্তের পর গত ২৩ নভেম্বর রেনু ভাটনগরকে গ্রেপ্তার করে ইন্দিরাপুরম থানা-পুলিশ।