গাজায় তিন ঘণ্টায় ৩২ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি শেষ হতে না হতেই আজ শুক্রবার থেকে আবার হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হামাস চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন ঘণ্টায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ শেষে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার পর গাজায় রকেট হামলা ও বন্দুকযুদ্ধ শুরু হয়। গাজায় হামলার বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামাস ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট ছোড়ায় গাজায় ফের হামলা শুরু হয়েছে। এদিকে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকও গাজা সিটিতে হামলার খবর নিশ্চিত করেছেন।

গাজায় প্রথম দফায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয় গত ২৪ নভেম্বর। পরে চুক্তির শেষ দিনে তা আরও দুদিনের জন্য বৃদ্ধি করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার আরও একদফায় এই চুক্তির মেয়াদ বাড়ানো হয়। আজ শুক্রবার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। যুদ্ধবিরতির সময় সবমিলিয়ে এ পর্যন্ত ২১০জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে ১০০ জন ইসরায়েলি ও অন্যান্য বিদেশি নাগরিককে।

 

গত ৭ অক্টোবরের পর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে এবং হামাস অন্তত ২৪০জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।