সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন-রেডিও বিদ্রোহী বাহিনীর দখলে

সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) যোদ্ধারা ঢুকে পড়েছে। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এরইমধ্যে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও দখলে নিয়েছে বিদ্রোহীরা।

আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশন ভবন এবং রেডিও সিরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। দামেস্কের প্রাণকেন্দ্রে অবস্থিত এ দুটি ভবন থেকে ৫০ ও ৬০-এর দশকে সিরিয়ার ধারাবাহিক অভ্যুত্থানের যুগে নতুন সরকার ঘোষণা করা হতো। 

এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। 

এরইমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি জানায়, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।