খামেনির সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যা বললেন এই নেতা

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে ইরানে স্বস্তি ফিরলেও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অনুপস্থিতিতে উদ্বেগ শুরু হয়েছিল। তবে সেই উদ্বেগ এবার অনেকটাই কমে গেছে। কারণ, মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করতে শুরু করেছেন তিনি। তাতে ইসরায়েলিদের বিরুদ্ধে জয়ের দাবি করেছেন এই নেতা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এক্সে পোস্ট করে আয়াতুল্লাহ আলি খামেনি লেখেন, ‘কিছুক্ষণের মধ্যে তিনি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।’

এক্সে আরেকটি পোস্টে খামেনি লেখেন, ‘ভ্রান্ত ইহুদি শাসকদের বিরুদ্ধে জয়ের কারণে ইরানিদের অভিনন্দন জানাই।’

জানা যায়, গত ১৩ জুন ইরানে ইসরায়েলি হামলার পর খামেনিকে আত্মগোপনে নিয়ে যাওয়া হয়। শুরুতে বিবৃতি দিলেও প্রায় ১ সপ্তাহ ধরে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। যুদ্ধবিরতির পর তাঁর কোনো ঘোষণা না আসায় উৎকণ্ঠা তৈরি হয়।

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক খামেনি। তাই যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা কিংবা যুদ্ধবিরতি চুক্তির মতো বড় সিদ্ধান্তে তাঁর সম্মতি প্রয়োজন। তবে সামরিক কমান্ডার ও সরকারি কর্মকর্তারা কেউই নিশ্চিত করতে পারছিলেন না, সাম্প্রতিক সময়ের কোনো সিদ্ধান্তে খামেনির সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা যোগাযোগ হয়েছে কি না।