প্রায় ২ বছর পর খুলল গাজার রাফা সীমান্ত

প্রায় ২ বছর পর গাজার রাফা সীমান্ত খুলে দিয়েছে ইসরায়েল। পরীক্ষামূলক নিরাপত্তা যাচাইয়ের লক্ষ্যে রোববার এই সীমান্ত খুলে দিয়েছে। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমে বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা। 

ইসরায়েলি গণমাধ্যমের দাবি, গুরুত্বপূর্ণ এই সীমান্ত পাইলট কার্যক্রমের আওতায় চালু রয়েছে। তবে মানুষের স্বাভাবিক চলাচল শুরু হতে পারে সোমবার। প্রতিদিন আনুমানিক ১৫০ জন গাজা ছাড়তে পারবেন, আর প্রায় ৫০ ফিলিস্তিনি ভূখণ্ডে ফিরে আসবেন।

ইসরায়েলের চ্যানেল টুয়েল্ফ জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও মিসরের প্রতিনিধিদের উপস্থিতিতে সীমান্তে একটি পরীক্ষামূলক ব্যবস্থা চালু করা হয়েছে।

এর আগে, শনিবার ইসরায়েলের হামলায় গাজায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫ শতাধিক নিহত ও অন্তত দেড় হাজার মানুষ আহত হয়েছে।