সিরিয়ার পুনর্গঠন

সৌদির সঙ্গে ৫৩০ কোটি ডলারের চুক্তি, থাকছে বিমানবন্দর, এয়ারলাইন

সৌদি আরবের সঙ্গে ৫৩০ কোটি ডলার বাণিজ্য চুক্তি করেছে সিরিয়া। শনিবার দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের বিষয়ে সমঝোতা হয়। দামেস্কের পিপলস প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ।

চুক্তির আওতায় আলেপ্পোতে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, যৌথ উদ্যোগে একটি স্বল্পমূল্যের এয়ারলাইন চালু এবং সিল্কলিংক নামে একটি টেলিযোগাযোগ প্রকল্প রয়েছে। যুক্তরাষ্ট্র ডিসেম্বরে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর এটি দেশটিতে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন প্রশাসনকে সমর্থন দেয়া দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম। সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়িয়েছে দুই দেশ। বিশেষ করে সিরিয়া পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে অর্থনৈতিক খাতে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব।