ড্রোন হামলা: চালু হতে না হতেই ফের বন্ধ দুবাই বিমানবন্দর

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের কাছে ড্রোন হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়, আংশিক কার্যক্রম চালু হওয়ার পর ইরানি ড্রোন হামলার জেরে বিমানবন্দর ফের বন্ধ করা হয়।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ‘যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন ক্রুদের নিরাপত্তার জন্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের টিম মধ্যপ্রাচ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে লাগাতার কাজ করছে।’

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি শক্তিশালী বিস্ফোরণের পর বিমানবন্দরের ওপর কালো ধোঁয়া দেখা গেছে। বিমানবন্দরের কার্যক্রম ধীরে ধীরে পুনরায় শুরু হবে বলে জানা গেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুবাই বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর জেরে বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর আগে গত ১ মার্চ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর হামলা হয়।