ইরানে হামলা বন্ধের দাবিতে লন্ডনের রাজপথে হাজারো মানুষ

ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা বন্ধের দাবিতে লন্ডনের রাজপথে নেমেছেন কয়েক হাজার মানুষ। শনিবার বিকেলে সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত এই বিশাল বিক্ষোভ মিছিলে অন্তত ৫ হাজার মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

আল জাজিরা জানায়, লন্ডনের মিলব্যাঙ্ক থেকে ভক্সহলে অবস্থিত মার্কিন দূতাবাসের অভিমুখে যাত্রা শুরু করেন বিক্ষোভকারীরা। তাদের কণ্ঠে ছিল যুদ্ধবিরোধী স্লোগান। 

এর আগে, শুক্রবার নিউইয়র্কে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির স্মরণসভা অনুষ্ঠিত হয়। এসময় এক ব্যক্তি খামেনির প্রতিকৃতি তুলে নিয়ে কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। 

এছাড়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলবিরোধী বিক্ষোভ হয়েছে পাকিস্তানেও। ইরানে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে ইসলামাবাদ ও করাচির রাস্তা দখল করে বিক্ষোভকারীরা। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। হামলার প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে শুরু করে ইরানও। 

মধ্যপ্রাচ্যে চলমান এই সামরিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সংঘাত অচিরেই স্তিমিত হয়ে আসবে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।