উপসাগরীয় দেশগুলোতে হামলা না করতে ঘনিষ্ঠ মিত্র ইরানকে অনুরোধ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক বিরল বিবৃতিতে হামাস বলেছে, তারা ইরানের ‘ভাইদের’ প্রতি আহ্বান জানাচ্ছে, যাতে তারা প্রতিবেশী দেশগুলোতে হামলা না করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, হামাস বিবৃতিতে উল্লেখ করেছে, আঞ্চলিক দেশগুলোর উচিত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করা।
অবশ্য একই সঙ্গে হামাস বিবৃতিতে আরও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইরানের আছে।
এদিকে ইরান দাবি করেছে, তারা বিভিন্ন প্রতিবেশী দেশে মূলত আমেরিকার স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করছে। হামাসের বিবৃতির বিষয়ে এখনো ইরানের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন।
অর্থ, অস্ত্র ও রাজনৈতিক সমর্থনের কথা বিবেচনা করলে ইরান হামাসের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে নিন্দা জানিয়েছিল হামাস।