ইরান সংকট ঘিরে ন্যাটোকে ট্রাম্পের সতর্কবার্তা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ব্যর্থ হলে উত্তর আটলান্টিক চুক্তি সংগঠনের (ন্যাটো) ভবিষ্যৎ খুব খারাপ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর অনিয়ন্ত্রিত উত্তেজনা পুরো অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইরান। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস।

এ ছাড়া ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন ও রকেট হামলা হয়েছে। রোববার, ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা জোরদার করেছে তেল আবিব।

এদিকে ইরানের এখনও হাজারো লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক মুখপাত্র এফি ডিফ্রিন।