দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত, বন্ধ বিমানবন্দর সড়কও

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সাময়িকভাবে বিমানবন্দর সড়ক এবং বিমানবন্দর টানেল বন্ধ রাখা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ড্রোন–সংক্রান্ত একটি ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইট স্থগিতের বিষয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে। ভ্রমণকারীদের ফ্লাইটসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাময়িকভাবে বিমানবন্দর সড়ক এবং বিমানবন্দর টানেল বন্ধ করে দিয়েছে দুবাই পুলিশ। জরুরি উদ্ধার অভিযান চলাকালে চালকদের বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে। এর আগে দুবাই মিডিয়া অফিস জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংকে লাগা আগুন ‘সফলভাবে নিয়ন্ত্রণে’ এনেছে সিভিল ডিফেন্সের দল।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত শুরু হওয়ার আগ পর্যন্ত যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৫ সালে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন।