ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোতে পাঁচ দিনের জন্য হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সংকটে ‘পূর্ণাঙ্গ ও সার্বিক সমাধান’ প্রসঙ্গেও ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিবিসি'র এক প্রতিবেদন থেকে থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলার পাল্টা হুমকির পরই আজ এই ঘোষণা দিলেন ট্রাম্প। এর আগে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। অন্যথায়, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করার হুমকি দেন তিনি।
ট্রাম্পের হুমকির জবাবে তেহরান জানায়, তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনাগুলোতে হামলা করবে ইরান।
এই প্রেক্ষাপটে আজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর সব ধরনের হামলা স্থগিত রাখা হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ইরানের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে লেখা ওই পোস্টে তিনি লিখেছেন, 'আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র এবং ইরান গত দুই দিন ধরে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার সম্পূর্ণ ও সার্বিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছে।'
পোস্টে আরও বলা হয়েছে, 'এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার উপর ভিত্তি করে আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোগুলোতে সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি, যা চলমান সভা ও আলোচনার সাফল্যের উপর নির্ভরশীল।'
সংকট সমাধানে ইরানের সাথে এই আলোচনা সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের উল্লেখ করা আলোচনার বিষয়ে ইরানের তরফ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।