ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন আগ্রাসনে ন্যাটো জোটের দেশগুলোকে পাশে না পাওয়ায় বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে স্পেন মধ্যপ্রাচ্য ইস্যুতে স্পষ্টতই মার্কিন প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
এই প্রেক্ষাপটে, এবারে স্পেনের বিরুদ্ধে ন্যাটোতে ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমনই একটি সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ই-মেইলে যুক্তরাষ্ট্রের অভিযানে সমর্থন না দেওয়া মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। ওই ই-মেইলে ইরান ইস্যুতে স্পেনের অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র দেশটির ন্যাটো সদস্যপদ স্থগিত করার চেষ্টা করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
এই ই-মেইলটিতে স্পেনকে শাস্তি দেওয়ার কথাও উল্লেখ করা হয়, কারণ দেশটি ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। তবে ন্যাটো বলেছে, জোট থেকে সদস্য রাষ্ট্রগুলোকে সাময়িকভাবে বরখাস্ত বা বহিষ্কার করার কোনো আইনি বিধান নেই।
এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ওয়াশিংটননের এমন বার্তা প্রত্যাখ্যান করে বলেছেন, তারা আন্তর্জাতিক আইন বজায় রেখেই মিত্রদের সঙ্গে সহযোগিতা করছে। তবে বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটোর ভেতরে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে বর্তমানে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চলছে।