একদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে আগেই উঠতে থাকা প্রশ্নটা আরও জোর আওয়াজ পেয়েছে। কিন্তু ইসরায়েলের এই হামলার উল্টো দিকেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি ভেঙেছে!
রোববার লেবাননের নাবাতিয়েহ এলাকায় পৃথক দুটি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্র জানিয়েছে, আবাসিক এলাকাতেও বোমা হামলা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
এর আগে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তাঁর ভাষায়, ‘এটা বুঝতে হবে যে, হিজবুল্লাহ কার্যত যুদ্ধবিরতি অমান্য করছে।’
একই দিনে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সাতটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হিজবুল্লাহর বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ইসরায়েলের দাবি, সর্বশেষ হামলাগুলো হিজবুল্লাহর ছয় যোদ্ধাকে লক্ষ্য করে চালানো হয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের ধারাবাহিক হামলার কারণে যুদ্ধবিরতি কার্যত অর্থহীন হয়ে পড়েছে। সংগঠনটি দাবি করেছে, এ পরিস্থিতিতে প্রতিশোধ নেওয়ার অধিকার তাদের রয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েল–এর মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। কিন্তু ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে হামলা চালানোর ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
লেবানন-এর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় আট হাজার মানুষ।