ইরান-আমেরিকার টানাটানির মধ্যেই ফ্রান্স পাঠাচ্ছে যুদ্ধজাহাজ, উদ্দেশ্য কী?

ইরানে যুদ্ধ শেষ করতে ১৪ দফার সমঝোতা স্মারক নিয়ে কথা চালাচালি হচ্ছে ইরান আর আমেরিকার মধ্যে। যদিও দুই পক্ষের একমত হওয়ার এখনো সম্ভাবনা কমই মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের দিক থেকে এই স্মারকে সইয়ের ব্যাপারে আশাবাদ আছে, আবার চুক্তি না হলে হামলার হুমকিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের দিক থেকে এই ১৪ দফা প্রস্তাবকে ‘আমেরিকার চাওয়া, বাস্তব কিছু না’ বলে উত্তেজনায় জল ঢেলে দেওয়া হয়েছে। আমেরিকা-ইসরায়েলের দিকে হুমকি দিয়েছে তারাও।

এই যখন অবস্থা, ফ্রান্সের দিক থেকেও এক মুভমেন্টের খবর এসেছে। সিএনএন জানাচ্ছে, লোহিত সাগরে নিজেদের বিমানবাহী যুদ্ধজাহাজ শার্ল দো গল মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে ভবিষ্যৎ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এই মোতায়েন বলে জানাচ্ছে সিএনএন।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘শার্ল দো গল’ এবং এর সঙ্গে থাকা সহায়ক যুদ্ধজাহাজগুলো আজ সুয়েজ খাল অতিক্রম করে দক্ষিণ লোহিত সাগরের দিকে যাচ্ছে।

মন্ত্রণালয় আরও জানায়, এই মোতায়েন হরমুজ প্রণালীতে জাহাজের অবাধ চলাচল আবার নিশ্চিত করতে একটি বৃহত্তর বহুজাতিক উদ্যোগের অংশ। যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ জলপথটি আবারও উন্মুক্ত করা।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হলে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ‘শার্ল দো গল’ যুদ্ধজাহাজটি পূর্ব ভূমধ্যসাগর ও লোহিত সাগর এলাকায় মোতায়েন করেছিলেন।