লেবাননে ইসরায়েলি হামলা চলছেই, নিহতের তালিকায় আরও ৩৯ জন

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৩৯ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন ৩ শিশুসহ ১৩ জন। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।   

হামলা চালানোর পাশাপাশি দক্ষিণ লেবাননের ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী- আইডিএফ।

এদিকে, লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ওপর ৪০টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠিটি ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক শহরে আইডিএফ-কে লক্ষ্য করে রকেট, কামান ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ৩ ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী। 

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েল ও লেবাননের দুই দিনব্যাপী আলোচনা শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন দফার এই আলোচনা অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ মে।