হরমুজে কোনো জাহাজই ট্রাম্পের দেওয়া সুবিধা নেয়নি

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে ৪০ বিলিয়ন ডলারের বীমা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘোষণার দুই মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো জাহাজ এ সুবিধা নেয়নি।

মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। তখন অনেক জাহাজ মালিক ওই পথে চলাচল কমিয়ে দেন। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। 

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকার নতুন একটি বীমা কর্মসূচি চালু করে। এর লক্ষ্য ছিল, জাহাজ চলাচল স্বাভাবিক রাখা ও তেলের দাম নিয়ন্ত্রণে সহায়তা করা। 

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার এ কর্মসূচিতে সহায়তার জন্য বীমা প্রতিষ্ঠান চাব ও এআইজিকে যুক্ত করে। উদ্দেশ্য ছিল, জাহাজ মালিকদের আস্থা ফেরানো। তবে বাস্তবে সে লক্ষ্য পূরণ হয়নি।