লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। এরই মধ্যে আরাফাতের ময়দানে অবস্থান করছেন হাজিরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা গতকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে। সেই হিসেবে মঙ্গলবার (২৬ মে) পবিত্র হজের দিন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসলমান মিনার তাঁবুর নগরীতে সমবেত হয়ে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা।

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। ছবি: সংগৃহীতমঙ্গলবার দেশটির স্থানীয় সময় দুপুরে হজের খুৎবা শুনবেন হাজিরা। পরে এক আজানে হবে জোহর ও আসরের নামাজ। সূর্যাস্তের পর হাজিরা যাবেন মুজদালিফার পথে। সেখানে আবার এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে অবস্থান করবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে।

২৭ মে জামারায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। বড় জামারাতে পাথর নিক্ষেপ করে মিনায় কোরবানির পশু জবাইয়ের মধ্যদিয়ে ত্যাগ করবেন ইহরাম।