ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এমনটা জানান তিনি।
বার্তা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় সম্ভাব্য চুক্তির অধীনে ওয়াশিংটন তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করতে পারবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
এছাড়া ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতের মতো অন্যান্য আঞ্চলিক উত্তেজনা ইরানের সঙ্গে চলমান আলোচনার বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, মার্কিন সেনা নিহত হলে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিলের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ট্রাম্পের ঘনিষ্ট কর্মকর্তাদের বরাতে এমনটা জানানো হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যদিও যোগাযোগের পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।