ইরানে ৩০০ কোটি ডলার পাঠানোর খবরকে ভিত্তিহীন বলছে আমিরাত

ইরানে অর্থ স্থানান্তরের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে ইরানে প্রায় ৩০০ কোটি ডলার পাঠানোর যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটি।

শনিবার এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ইরানের কোনো জব্দকৃত বা স্থগিত তহবিল মুক্ত, স্থানান্তর কিংবা এ ধরনের কোনো প্রক্রিয়া সহজতরও করা হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতি নির্ভুল তথ্য প্রকাশের জোর দেওয়ার আহ্বান জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করতে এবং যাচাইবিহীন তথ্য ও ভিত্তিহীন অভিযোগ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দুটি আঞ্চলিক সূত্রের বরাতে জানায়, আরব আমিরাত মোট ১ হাজার কোটি ডলার ইরানকে দিতে রাজি হয়েছে। ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি অর্থ ইতিমধ্যে দেওয়া হয়েছে।

এই সমঝোতার বিষয়ে অবগত এমন আরও দুটি সূত্র জানিয়েছে, ইরানকে দুই হাজার কোটি ডলার দিতে পারে সংযুক্ত আরব আমিরাত। তারা আরও জানায়, ইরান আর হামলা করবে না– এমন শর্তেই এ অর্থ ছাড়বে আরব আমিরাত।