যুদ্ধ বন্ধের চুক্তি ভাঙলে ইরানে আবারও বোমা হামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে জি৭ সম্মেলনে যোগ দেওয়া ট্রাম্প স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বলে রয়টার্স জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরান তাদের যুদ্ধ শেষ করার জন্য নিজেদের স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া প্রকাশ করেছে বুধবার। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় হামলা শুরু করবেন বলে হুমকি দেন ট্রাম্প। ঘোষণা দেন ইরানি কর্মকর্তাদের হত্যারও। তিনি বলেন, তেহরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকাটা ‘অন্যায়’ হবে, কারণ তারা আগে সেগুলোকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছিল।
ইরানের উদ্দেশে ট্রাম্প বলেন, তারা যদি চুক্তি লঙ্ঘন করে, তবে আমরা তাদের ওপর বোমা বর্ষণ করব। আমি চাই না তারা তা করুক। আমি চাই তারা চুক্তিটি সম্মান করুক। তিনি ইরানিদের বুদ্ধিমান মানুষ বলেও অভিহিত করেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা আগামী ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য কাজ করছেন, যা মধ্যপ্রাচ্যে শান্তি আনবে এবং তেলের দাম কমাবে বলে ট্রাম্প আশা প্রকাশ করেন।
তিনি এর আগেও বলেছিলেন, যদি আমার এটা পছন্দ না হয়, যদি তারা ঠিকমতো আচরণ না করে, তাহলে আমরা আবার সোজা তাদের মাথার ঠিক মাঝখানে বোমা ফেলতে শুরু করব, ঠিক আছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং প্রথম দিনেই ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সামরিক নেতাদের হত্যা করে। দ্রুতই আঞ্চলিক সংঘাতে পরিণত হয় এই সংকট, যাতে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।