যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে। শনিবার হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলার পর আবারও এই হামলা চালাল যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের জবাবে তারা ইরানের বিভিন্ন স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির পরিপন্থী এবং এর ফলে শান্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরানকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাদের বাহিনী ড্রোন ব্যবহার করে পানামা পতাকাবাহী ট্যাংকার এমটি কিকুতে হামলা চালিয়ে সেই সুযোগ নষ্ট করেছে।
এর জবাবে ইরানের সামরিক সরঞ্জাম, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা এবং ড্রোন সংরক্ষণাগারে হামলা চালানোর কথা জানিয়েছে সেন্টকম।
আর আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র অপরাধী জাহাজের বিরুদ্ধে আইআরজিসি নৌবাহিনীর অভিযানের অজুহাতে ইরানের উপকূলীয় পাঁচটি ঘাঁটিতে হামলা চালিয়েছে।
তাদের দাবি, চলতি মাসের শুরুতে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও নৌপথ নিয়ন্ত্রণের দায়িত্ব ইরানের ওপর রয়েছে। এখন থেকে নিয়ম ভঙ্গকারী জাহাজগুলোর বিরুদ্ধে আগের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো সম্ভাব্য শত্রুর আগ্রাসন- যে অজুহাতেই হোক না কেন, এমনকি যদি তা গত রাত ও আজ রাতের মতো ছোটখাটো লক্ষ্যবস্তুর বিরুদ্ধেও হয়- তার জবাব হবে অত্যন্ত কঠোর ও বিধ্বংসী।
এর আগে বৃহস্পতিবার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার জবাবে শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার অবস্থানে হামলার কথা জানিয়েছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড।
সর্বশেষ হামলার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল- এ একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, তেহরান সম্ভবত কখনোই শিক্ষা নেবে না।
যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েত ও বাহরাইন জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সেন্টকম জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানি বাহিনীর অযৌক্তিক আগ্রাসন স্পষ্টভাবেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। অন্যদিকে তেহরানের দাবি, মালবাহী জাহাজটি উপসাগরীয় জলপথ অতিক্রমের জন্য অনুমোদনহীন একটি রুট ব্যবহার করায় সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফা সমঝোতা স্মারকের আওতায় শত্রুতা বন্ধ করতে সম্মত হয়েছিল। ওই সমঝোতায় বলা হয়েছিল, ৬০ দিনের জন্য কোনো ধরনের অতিরিক্ত চার্জ ছাড়াই বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান সর্বোচ্চ চেষ্টা করবে।