উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা বন্ধে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এছাড়া, হরমুজ প্রণালি নিয়ে বিরোধের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে তারা। মার্কিন কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে অ্যাক্সিওস নিউজ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কাতারে বৈঠকে বসার পরিকল্পনা করছে তেহরান-ওয়াশিংটন। গত বৃহস্পতিবার হরমুজে সিঙ্গাপুরের একটি জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকে কয়েকদিন ধরে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হয়।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে শিশুহত্যার বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। রোববার এক্স পোস্টে তিনি জানান, ২০২৫-২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত শিশুহত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের জন্য দায়ীদের দেশের ও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে।