আয়াতুল্লাহ খামেনির জানাজা উপলক্ষে তেহরানে জড়ো হচ্ছে অনুসারীরা

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ৬ দিনব্যাপী জানাজা ও স্মরণসভা উপলক্ষে তেহরানে জড়ো হতে শুরু করেছেন ভক্ত ও অনুসারীরা। শেষ শ্রদ্ধার জন্য তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে রাখা হয়েছে আলি খামেনির কফিন। 

প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার কফিনের সঙ্গে রয়েছে মার্কিন হামলায় নিহত তাঁর পরিবারের সদস্যদের কফিন।

আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণসভায় দুই কোটিরও বেশি মানুষের সমাগমের আশা করছে কর্তৃপক্ষ। আগামী ৯ জুলাই জানাজা শেষে নিজ শহর মাশহাদে দাফন করা হবে তাকে। 

বাবার জানাজা পড়ানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁকে এ ব্যাপারে না করেছে নিরাপত্তা বাহিনী। 

এদিকে, আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আগে প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান কমান্ডার আহমাদ ওয়াহিদি। এরমধ্যে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আয়োজনে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী।