ইরান-যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ, কূটনৈতিক তৎপরতা শুরু

দুই দিনের সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মার্কিন প্রশাসনের লক্ষ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। একই সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ও একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, কাতার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের স্থায়ী সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনীতি ও সংলাপই একমাত্র কার্যকর পথ। যুক্তরাজ্যে অনুষ্ঠিত লন্ডন কনফারেন্সে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করেন।

উল্লেখ্য, ইরানের হামলার পর বুধবার তুরস্কের আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, দুই দেশের মধ্যকার পূর্ববর্তী সমঝোতা আর কার্যকর নেই।