কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দেশটির আমিরে দেওয়ান রোববার এ তথ্য জানিয়েছে।
আমিরে দেওয়ান এক বিবৃতিতে জানিয়েছে, আল্লাহর বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে জাতির এই অপূরণীয় ক্ষতিতে তারা গভীর শোক প্রকাশ করছে। বিবৃতিতে বলা হয়, সাবেক আমির ও ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাঁর প্রতি রহম করুন।
শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে জ্বালানি-সমৃদ্ধ দেশটির অভাবনীয় উন্নয়নের অন্যতম প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। শেখ হামাদের শাসনামলে কাতার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির মর্যাদা আরও বৃদ্ধি পায়। বর্তমানে কাতারের রাজনৈতিক প্রভাব উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে বিস্তৃত।
তাঁর শাসনামলে কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন করা হয় এবং পৌরসভা নির্বাচনের সূচনা হয়। একই সময়ে নারীদের ভোটাধিকার এবং নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়। এই আমিরের শাসনামলে তাঁর জারি করা ডিক্রির মাধ্যমে ১৯৯৬ সালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠিত হয়।
২০১৩ সালে শেখ হামাদ বিন খলিফা আল থানি তাঁর ৩৩ বছর বয়সী ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এরপর থেকে তিনি কাতারের ক্ষমতায় রয়েছেন।