ইরানের অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আঞ্চলিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছে দেশটি। রয়টার্স।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করে, তবে তার জবাবে পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হামলায় ধ্বংস হয়ে যাবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, এমনভাবে হামলা চালানো হবে যাতে ওই অবকাঠামোর কোনো চিহ্নই অবশিষ্ট না থাকে।
হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রকে এই গুরুত্বপূর্ণ নৌপথে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। তার ভাষায়, এটি ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা। তার এ মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।