আগামী ৪ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প। এসময় ইরানের সঙ্গে আলোচনায় আশা দেখছেন না বলে মন্তব্য করেন তিনি।
হামলার একপর্যায়ে তেহরানের জন্য তা অসহনীয় হয়ে উঠবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকরা যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনীর হামলায় ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।
উপস্থিত সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'ইরান সবসময়ই আলোচনা করতে চায়, কিন্তু প্রায়ই নিজেদের কথা বা প্রতিশ্রুতি ভঙ্গ করে। ধরুন পারমাণবিক বিষয়ে ১০/১৫ মিনিটেই সমাধান সম্ভব, সেক্ষেত্রে তারা ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে। এরপর বাইরে গিয়ে বলে এনিয়ে কোন আলোচনাই হয়নি। ইরান আসলে আমাকে রাগিয়ে তুলতে চায়। সমাধান চায় না।'
এসময় তেহরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে মধ্যপ্রাচ্য নিশ্চিহ্ন হয়ে যেতো বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ইরানের জব্দকৃত সম্পদের খোঁজ করার কথা জানিয়েছেন ট্রাম্প। এই অর্থ ইরানি জনগণের স্বার্থে ব্যয় করার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন তিনি। এদিকে, ইরানের বেশকিছু ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী।