সংঘাতে না জড়াতে সৌদিকে সতর্ক করল ইরান

সৌদিসহ আঞ্চলিক দেশগুলোকে সর্তকবার্তা দিয়েছে ইরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত থেকে দূরে থাকতে সৌদি আরবকে সতর্ক করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করা যেকোনো দেশ যুদ্ধের আগুনে ধ্বংস হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি চলমান পরিস্থিতি নিয়ে শনিবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীের সঙ্গেও আলাপ করেন আরাগচি। এসময় আঞ্চলিক পরিস্থিতি ও সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেন তিনি। 

এদিকে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মার্কিন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের পাল্টা হামলা চালাতে ইরান প্রস্তুত আছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। 

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলেও সতর্ক করেছে তেহরান।