যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় হামলার পরিকল্পনা বাতিল করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আজ সোমবার এ তথ্য জানিয়ছে আল জাজিরা।
প্রতিবেদন বলছে, ইরানের অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা চালানোর সিদ্ধান্ত ট্রাম্প বাতিল করার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি কমেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে ৮৩.৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৬৬ ডলারে দাঁড়ায়।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানে পুনরায় হামলা শুরু করলে এবং ওমান সংলগ্ন এলাকায় ইরানের বাহিনী বেশ কয়েকটি ট্যাংকারে আক্রমণ চালালে উভয় ধরনের তেলের দাম ২০ শতাংশেরও বেশি বেড়েছিল।