হরমুজে এবার আমিরাতের তেলবাহী ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুটি সরকারি ট্যাংকারে হামলা হয়েছে। এই হামলার জন্য ইরানকে দায়ী করে নিন্দা জানিয়েছে আমিরাত। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপথটি অতিক্রম করার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির দুটি জাহাজ হামলার শিকার হয়। 

তবে আমিরাতের অভিযোগ নিয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে বিবৃতি দেয় ইরান। দেশটির সামরিক বাহিনী জানায়, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজই প্রণালি পার হতে পারবে না। 

এদিকে, হরমুজ প্রণালি সম্পূর্ণরুপে ইরানের নিয়ন্ত্রণে আছে, সম্প্রতি এমনটাই দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সহযোগী সংগঠন বাসিজ বাহিনীর  প্রধান। 

অন্যদিকে ভুয়া গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র বারবার ভুল হিসাব করে আসছে বলে দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র এবার আরো বড় ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি। 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে আছে বলে দাবি করে আসছেন। সাম্প্রতিক সময়েও কয়েক দফা তিনি এ দাবি করেছেন।