গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর আহ্বান প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের ২০-দফা শান্তি পরিকল্পনার প্রতি ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ট্রাম্পের পরিকল্পনার ১২ নম্বর দফায় বলা হয়, কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না। তবে, কেউ চাইলে ছেড়ে যাওয়ার বা ফিরে আসার স্বাধীনতা ভোগ করবে।

চলমান সংকটের একমাত্র সমাধান হিসেবে বুধবার গাজাকে জনশূন্য করার আহ্বান জানান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তেল আবিব সমুদ্রপথে, আকাশপথে এবং যেকোনো উপায়ে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে প্রস্তুত বলেও জানান তিনি।