মার্কিনঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

জর্ডানে একটি মার্কিনঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, সম্প্রতি পরিচালিত এ হামলায় মুওয়াফফাক সালতি এয়ারবেসে থাকা একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও অন্তত আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হামলায় কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হননি বলে জানানো হয়েছে প্রতিবেদনে। 

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরানের এই হামলা সার্বিকভাবে ব্যর্থ হয়েছে এবং জর্ডানে থাকা মার্কিন বাহিনীর শতভাগ সদস্যই নিরাপদে রয়েছেন।

জর্ডানের সামরিক বাহিনীর তথ্যমতে, দেশটির ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টিই আকাশে প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে, ফলে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি।