সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদির ইয়ানবু শহরের আরামকো তেল স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তার দাবি, এসব হামলা ছিল সুনির্দিষ্ট এবং এতে আরামকোর স্থাপনায় বড় ধরনের আগুন ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। বুধবার এ নিয়ে হুতিদের গণমাধ্যম একটি ভিডিও প্রকাশ করে।
এর আগে হুতির অবস্থান লক্ষ্য করে সৌদি আরবের একাধিক হামলার পর পাল্টা জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
অন্যদিকে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের লড়াই ছড়িয়ে পড়েছে পশ্চিমাঞ্চলের একাধিক এলাকায়। তাইজ ও লোহিত সাগর উপকূলীয় এলাকায় চলছে পাল্টাপাল্টি হামলা। সরকারি বাহিনীর দাবি, বাব এল-মান্দেবের কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ কাহবুব পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে হুতিরা।