ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। হুতিদের লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫০টি হামলা চালানোর দাবি করেছে তারা।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেন। বৃহস্পতিবার আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একের পর এক বিস্ফোরণ। ইয়েমেন সরকারের কর্মকর্তাদের দাবি, প্রাসাদ চত্বরে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এতে নিরাপত্তারক্ষীসহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। তবে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে আছেন বলে জানিয়েছে সরকার।
ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুতি অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা দেশটির সরকারি বাহিনী। তাদের দাবি, ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১২ শতাধিক হামলা চালানো হয়েছে। সরকারী বাহিনীর মুখপাত্রের দাবি, এরইমধ্যে হুতিদের ১৫০টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।
এদিকে, উপকূলীয় শহর দুবাবের বিমানবন্দর ঘিরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সরকারি বাহিনীর মিত্র হোমল্যান্ড শিল্ড ফোর্স জানিয়েছে, তারা বিমানবন্দরটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হুতিদের হামলা প্রতিহত করছে।
ইয়েমেনে অভিযানে যুক্ত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহরে একটি শত্রু ড্রোন ভূপাতিত করেছে তারা। শহরটিতে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।
সংঘাতের প্রভাব পড়ছে কূটনৈতিক তৎপরতায়। সৌদি আরবে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় দেশগুলোর যৌথ সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে।