ইরানে কবে তীব্র হামলা হতে পারে, ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র 

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি, তবে তীব্র সামরিক অভিযান চালানো হতে পারে বলে উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তির বরাতে জানা গেছে, কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে এসব বার্তা পাঠানো হয়েছে।

নতুন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আরও বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা ও তেহরানকে আলোচনায় বসতে বাধ্য করা।

এদিকে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে, সবকিছুই সম্ভব বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে, ইরানের সঙ্গে যুদ্ধ যখনই চাইবেন তখনই শেষ করতে পারেন বলেন তিনি। তবে তার আগে, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না সে নিশ্চয়তা চান ট্রাম্প।