হরমুজে মাইন বিস্ফোরণ, ২ তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণের পর হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, ‘নিয়ম লঙ্ঘনকারী দুটি তেলবাহী ট্যাংকার—একটি হরমুজ প্রণালির পূর্ব অংশে এবং অন্যটি প্রণালীর ভেতরে—অননুমোদিত রুট দিয়ে চলাচলের চেষ্টা করার সময় নৌ-মাইনের আঘাতে আগুন ধরে যায়। জাহাজ দুটি দাউদাউ করে জ্বলছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ট্যাংকার দুটি একাধিক নিয়ম লঙ্ঘন করেছিল বলে জানা গেছে। এর মধ্যে অননুমোদিত রুট দিয়ে চলাচলের সময় জাহাজ দুটির নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার বিষয়টিও রয়েছে।

তবে জাহাজ দুটির নাম বা কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে কিছু জানায়নি বিপ্লবী গার্ড বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজে আগুন লাগার বিষয়ে একাধিকবার বিবৃতি দিয়েছে তেহরান।