মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১২ জন।

রোববার দেশটির গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন পেছন থেকে কায়রো-আসওয়ান রুটের আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের সড়কে ছিটকে পড়ে। খবর পেয়ে ৭০টির বেশি অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে নেওয়া হয় তিনটি হাসপাতালে।

দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।

এদিকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জানিয়ে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাসহ দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একই সঙ্গে কারও অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।