আইজেনকটের জোট ভাঙার ছক কষছেন নেতানিয়াহু?

ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, আইজেনকটের জোটে ফাটল ধরানোর চেষ্টা করছেন তিনি।

 ইসরায়েলের নতুন সরকার গঠনে বিরোধী নেতা গাদি আইজেনকটের প্রথম দফার ২৮ দিনের সময়সীমা শেষ হবে ৬ ডিসেম্বর। তবে, যতই সময় গড়াচ্ছে, ততই জটিল হচ্ছে পরিস্থিতি।

বিরোধী জোটের প্রায় সব সদস্যই শুরুতে গাজা, ইরান ও লেবাননে ইসরায়েলি হামলাকে সমর্থন করেছিলেন। যদিও, অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে তাদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে।

আদর্শগতভাবে জোটনেতা সাবেক সেনাপ্রধান গাদি আইজেটকট এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ মধ্যপন্থী হিসেবে পরিচিত। বিপরীতে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিবারম্যান কট্টর ডানপন্থী।

আর সবার থেকে আলাদা, বামপন্থী ইয়ার গোলান, যিনি ফিলিস্তিনিদের সাথে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সমর্থক এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচক।

অক্টোবরের নির্বাচনে আইজেনকটের জোট পায় ৪৮টি আসন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন আরও ১৩টি। এ অবস্থায়, তাকে এমন সব কট্টর ইহুদি এবং আরব দলের সাথে জোট করতে হতে পারে, অতীতে যাদের আদর্শের তিনি বিরোধিতা করেছিলেন। 

অন্যদিকে, আইজেনকটের জোটকে দুর্বল করার চেষ্টা করছে দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার, এই জোটের অন্যতম প্রধান নেতা নাফতালি বেনেটের সাথে একটি অঘোষিত বৈঠক করেন তিনি। এতে, নেতানিয়াহুর বিরুদ্ধে আইজেনকটের জোট ভাঙার চেষ্টার অভিযোগ উঠেছে।

৬ ডিসেম্বরের পর সরকার গঠনে আরেক দফায় আরও ১৪ দিন সময় পাবেন গাদি আইজেনকট। তারপরও ব্যর্থ হলে, সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু।