হামলা হয় থানাতেও, বেলুচিস্তানে নিহত বেড়ে ৩৯

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত বেড়ে অন্তত ৩৯ জনে দাঁড়িয়েছে। সোমবার বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, পুলিশ স্টেশন, রেললাইন ও গাড়িতে আলাদা হামলায় এসব প্রাণহানি ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।  

এর মধ্যে মহাসড়ক অবরোধ করে কয়েকটি বাস, ট্রাক ও গাড়ি থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর ২৩ জনকে গুলি করে হত্যা করা হয়। মুসাখাইল জেলায় রোববার রাতভর এসব হত্যাকাণ্ড চালানো হয়। নিহত বাস যাত্রীর সবাই পাঞ্জাবের বাসিন্দা। 

ঘটনাস্থল থেকে পালানোর আগে অন্তত ১০টি যানবাহন পুড়িয়ে দেয় হামলাকারীরা। বন্দুকধারীদের খুঁজতে অভিযান শুরু করেছে পুলিশ। এসব হামলার দায় স্বীকার করেছে দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ওই এলাকায় সবচেয়ে প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তারা। বার্তা সংস্থা এএফপি বলছে, তাদের কাছে পাঠানো এক বিবৃতিতে এই দায় স্বীকার করে বিএলএ।

দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এর আগেই সাধারণ মানুষদের রাস্তায় বের না হতে বলে। এক বিবৃতিতে বলা হয়, তারা পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।    

এসব হামলার পর এরই মধ্যে ১২ সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে পুলিশ। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তানের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন। সন্ত্রাসীদের বিরুদ্ধে এসব অভিযানে আহত হয়েছেন বেশ কয়েকজন।

এর আগে বেশ কয়েকবার বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা সেখানকার সাধারন মানুষের ওপর হামলা চালিয়েছে।